timesnarayanganj1@gmail.com ২৪শে নভেম্বর ২০২৬, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং:
  • প্রাথমিক শিক্ষায় নতুন সংযোজন ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার★★★’ মনে করেছিলাম ভূমিকম্প ★★★ ফতুল্লায় পুলিশ কনস্টেবল হত্যা, অজ্ঞাত ৮/১০ জনের বিরুদ্ধে মামলা ★★★ ফরেন সার্ভিস একাডেমির ডিজির প্রশংসায় ভাসলেন চট্টগ্রামের ডিসি জাহিদ

ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভের আওতায় উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ

প্রাথমিক শিক্ষায় নতুন সংযোজন ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’

টাইমস নারায়ণগঞ্জ

প্রকাশিত:
২৪ নভেম্বার ২০২৬, ২০:৫৩

উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ

শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, সৃজনশীল চিন্তাশক্তির বিকাশ এবং জ্ঞানভিত্তিক প্রজন্ম বিনির্মাণের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় চালু করা হচ্ছে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’। ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভের আওতায় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিদ্যালয়ভিত্তিক এ ব্যতিক্রমধর্মী পাঠাগার কার্যক্রম শুরু হয়েছে।

এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬১নং কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’-এর উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জনাব মো. রায়হান কবির। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব এস এম ফয়েজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি), নারায়ণগঞ্জ সদর, উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এর আগে ৬০নং গোয়ালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই উদ্যোগের আওতায় ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে এ পাঠাগার কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।

বর্তমান সময়ে শিশু-কিশোরদের একটি বড় অংশ মোবাইল ফোন ও ডিজিটাল মাধ্যমে ক্রমবর্ধমানভাবে সময় ব্যয় করছে। এ বাস্তবতায় পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান অর্জন, মননশীলতা, কল্পনাশক্তি ও সৃজনশীলতার বিকাশে বই পড়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। বিদ্যালয় পর্যায়ে পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীদের বইয়ের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি এবং আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করার সুযোগ সৃষ্টি হবে।

‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ কেবল বই পড়ার একটি স্থান নয়; বরং এটি শিক্ষার্থীদের কৌতূহল, অনুসন্ধিৎসা, চিন্তাশক্তি ও মানবিক মূল্যবোধ বিকাশের একটি সহায়ক শিক্ষাঙ্গন হিসেবে গড়ে তোলার প্রয়াস। জলবায়ু সহনশীল ও টেকসই শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার বৃহত্তর লক্ষ্যের সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও মানসিক বিকাশের এই উদ্যোগ একটি ইতিবাচক মাত্রা যুক্ত করেছে।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে প্রতিটি ইউনিয়নের বিদ্যালয়ে পাঠাগার প্রতিষ্ঠা করা সম্ভব হলে প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত বই পড়ার সংস্কৃতি গড়ে উঠবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিনির্ভরতার পাশাপাশি জ্ঞান, সৃজনশীলতা, মানবিকতা ও মননশীলতায় সমৃদ্ধ করে গড়ে তোলার ক্ষেত্রে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর