প্রকাশিত:
২৪ নভেম্বার ২০২৬, ২০:৪৩
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: রাতে নাতিকে নিয়ে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ঘর কাঁপতে শুরু করে। মনে করেছিলাম ভূমিকম্প হচ্ছে। প্রাণ বাঁচাতে নাতিকে কোলে নিয়ে দৌড়ে বাইরে গিয়ে দেখি, বুলডোজার দিয়ে আমার ৪০ বছরের বসতভিটা গুঁড়িয়ে দিচ্ছে দখলদাররা। মাত্র এক থেকে দুই ঘণ্টার তাণ্ডবে চোখের সামনে আমার সাজানো সংসার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন আমি কোথায় থাকব?’
কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকার ভুক্তভোগী সুলতানা বেগম। জমিসংক্রান্ত বিরোধের জেরে সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ৪টার দিকে নাসিক ১ নম্বর ওয়ার্ডের স্বপ্ন বাজারসংলগ্ন এলাকায় বুলডোজার দিয়ে তাঁর বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
ভুক্তভোগী পরিবারের দাবি, প্রায় ১০ কোটি টাকা মূল্যের সাড়ে ১২ শতাংশ জমি দখলের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ১৫০ থেকে ২০০ জনের একটি দল এ হামলা চালায়। এতে একটি একতলা ভবনসহ ৮ থেকে ১০টি টিনশেড ঘর ভেঙে ফেলা হয়েছে। বসতবাড়ি হারিয়ে পরিবারের ১৫ থেকে ২০ জন সদস্য এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন। এ ঘটনায় অন্তত এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।
পরিবার সূত্রে জানা যায়, হিরাঝিল এলাকার ওই সাড়ে ১২ শতাংশ জমি পৈতৃক ও ক্রয়কৃত সম্পত্তি। জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলছে। এ বিষয়ে আদালতে একটি দেওয়ানি মামলাও চলমান রয়েছে। এর আগে একাধিকবার সিদ্ধিরগঞ্জ থানায় সালিশ বৈঠক হলেও আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয়। কিন্তু মামলা চলমান থাকা অবস্থায় গভীর রাতে বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে জমি দখলের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী সুলতানা বেগমের অভিযোগ, স্থানীয় পেয়ার আলী, মোহাম্মদ আলী, মেহের আলী, বিল্লাল, শাহিন আলম (স্বর্ণকার), সবুজ, সজিব ও জসিমসহ একটি পক্ষ দীর্ঘদিন ধরে তাঁদের জমি দখলের চেষ্টা করে আসছে। এরই ধারাবাহিকতায় ১৫০ থেকে ২০০ লোক নিয়ে এসে রাতের আঁধারে তাঁদের বসতবাড়ি ভেঙে ফেলা হয়।
তিনি বলেন, ‘এই বাড়ি আমার নানির বাড়ির সম্পত্তি ছিল। পরে আমরা পাশে আরও কিছু জমি কিনেছি। প্রায় ৪০ বছর ধরে এখানে বসবাস করছি। আমার স্বামী সন্দ্বীপ থানার সাধারণ সম্পাদক ছিলেন। আজ আমার বাড়িঘর ভেঙে আমাকে পথে বসানো হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
সুলতানা বেগমের ভাই গোলাম মোস্তফা জানান, গত ৫ নভেম্বর রাত ১১টার দিকেও একই পক্ষের লোকজন ভেকু ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বাড়ি ভাঙতে এসেছিল। তখন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার সময় ৭ নভেম্বর আবারও হামলার হুমকি দেয় তারা।
তিনি আরও জানান, নিরাপত্তাহীনতার কারণে সুলতানা বেগম গত ৬ নভেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় এবং ৭ নভেম্বর নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) বরাবর ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। কিন্তু এরপরও তাঁদের নিরাপত্তা নিশ্চিত হয়নি। সর্বশেষ বাড়ি ভাঙার সময় ৯৯৯-এ একাধিকবার ফোন করেও তাৎক্ষণিকভাবে কোনো কার্যকর সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন তিনি। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে এলেও ততক্ষণে বাড়িঘর ভাঙার কাজ শেষ হয়ে যায় বলে দাবি তাঁর।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বাড়ি ভাঙার কয়েক ঘণ্টা আগেই সোমবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে তাঁদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু ওই কর্মকর্তা চলে যাওয়ার পর রাতেই বুলডোজার চালিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়।
অন্যদিকে, অভিযুক্তদের মধ্যে শাহিন আলম (স্বর্ণকার) দাবি করেছেন, জমিটি তিনি ক্রয় করেছেন। তাই নিজের কেনা জমির দখল বুঝে নিতে সেখানে থাকা স্থাপনাগুলো ভাঙা হয়েছে।
এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসেন বলেন, ‘এই জমি নিয়ে বিরোধ ছিল। আদালতে মামলা চলমান আছে এবং কোনো কিছু না করতে নির্দেশনা দেওয়া আছে। ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং তাঁদের অনুরোধে সোমবার আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাঁদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘ভোর ৪টার দিকে বাড়ি ভাঙার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আদালতের নির্দেশনা অমান্য করে রাতের আঁধারে যারা এ অন্যায় কাজ করেছে, তাদের বিরুদ্ধে মামলা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য করুন: