timesnarayanganj1@gmail.com ২৩শে নভেম্বর ২০২৬, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলা ও সন্ত্রাস দমন আইনসহ বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
১৬ নভেম্বার ২০২৬, ২১:৪৮

ছবি: সংগৃহীত

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলা ও সন্ত্রাস দমন আইনসহ বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

 

 

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ও সন্ত্রাস দমন আইনের মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, দস্যুতা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি রয়েছেন।

 

 

 

রোববার (১৫ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের (পিপিএম) নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিকের (পিপিএম) নেতৃত্বে থানার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ জানায়, অভিযানে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—সোনারগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রচার সম্পাদক ও বানিনাথপুরের বাসিন্দা আবুল কালাম (৪৫), সাদিপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কোনাবাড়ীর মো. মাসুদুজ্জামান (৩৮) এবং নোয়াগাঁও ইউনিয়ন শ্রমিক লীগের কার্যকরী সদস্য ও গোবিন্দপুরের মুসা মিয়া খোকন (৪৬)।

 

অন্যদিকে, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—সাদিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও হলদাবাড়ীর মো. কাদির (৩৮), সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও লাদুরচরের মো. জুয়েল মিয়া (৩৮), সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী সদস্য ও দৌলরদীর মঞ্জুর হোসেন (৪৫), কাঁচপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও বড় চেংগাইন এলাকার রমিজ (৬৩), নোয়াগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও পরমেশ্বরদীর আফজাল হোসেন বকুল (৩৫) এবং সোনারগাঁ থানা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক ও জাইদ্যেরগাঁওয়ের মোখলেছুর রহমান আমির (৪৫)।

 

মাদকবিরোধী অভিযানে ১৭ পিস ইয়াবাসহ আনন্দ বাজার (পঞ্চবটি) এলাকার মো. সজিব হোসেন (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ছাড়া মাদক সেবনের দায়ে মেঘনাঘাটের মো. ইকবাল (৩০), ছনপাড়ার মো. সাব্বির (২২), দামোদরদীর ইমরান (১৯), খৈতারগাঁওয়ের মো. জাহাঙ্গীর (৪০), বাড়ি চিনিশের মো. বাছেদ (৪৫) এবং সোনাপুর এলাকার বাসিন্দা নাইম (২৬), সজীব (২০), হাবিবুর রহমান ওরফে চিকন আলী (৩৮) ও শাওনকে (২২) গ্রেপ্তার করা হয়।

 

এ ছাড়া দস্যুতা মামলায় রতনপুর এলাকা থেকে মো. আরাফাত (২০) নামে একজনকে এবং ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে নানাক্ষীর মো. রাকিব (২৯) ও কাঁচপুর পূর্বপাড়ার ইয়াকুবকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে।

 

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা এলাকায় এ বিশেষ অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারকৃত ২২ জনকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর