timesnarayanganj1@gmail.com ২৩শে নভেম্বর ২০২৬, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁয়ে মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ, হত্যার বিচার দাবি

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
৯ নভেম্বার ২০২৬, ১৬:০৬

ছবি: সংগৃহীত

সোনারগাঁয়ে মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ, হত্যার বিচার দাবি

 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চুরির অপবাদে মো. ফারুক হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার প্রায় ১০ দিন পর রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসী হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মরদেহ নিয়ে এশিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।

 

সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে মহাসড়কটিতে যানচলাচল বন্ধ হয়ে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। 

 

নিহত ফারুক হোসেন ললাটি এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

 

স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের অভিযোগ, গত ২৯ অক্টোবর বিকালে স্থানীয় আমিনুল ভেন্ডার ও তার ভাগিনা অমিত হাসানসহ কয়েকজন ফারুক হোসেনকে তার বাড়ি থেকে ডেকে জনতা বাজার এলাকায় নিয়ে যান। সেখানে আমিনুল ভেন্ডারের বাড়ির বৈদ্যুতিক তার চুরির অভিযোগ তুলে তাকে একটি স্থানে আটকে রাখা হয়।

 

পরিবারের অভিযোগ, চুরির অপবাদ দিয়ে ফারুককে জনসম্মুখে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

 

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, ফারুক হোসেনকে মারধরের ঘটনায় করা মামলায় পুলিশ ইতোমধ্যে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। তার মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

শহরের জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেফতার


নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় অভিযান চালিয়ে ইমতিয়াজ রহমান রাফি (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। সোমবার (৯ নভেম্বর) দুপুর ৩টার দিকে জামতলার হিরা কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, রাফির বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারকৃত ইমতিয়াজ রহমান রাফি শহরের জামতলার হাজী মো. বজলুর রশীদ রিপনের ছেলে। হাজী রিপনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পরিবহন সেক্টরে চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং গার্মেন্টসের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামতলার হিরা কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে রাফিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। ফতুল্লায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সন্ত্রাসী কার্যকলাপ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে ২০২৫ সালের ডিসেম্বর মাসে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে হাজী রিপন ও তার ছেলে রাফিকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে তারা আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। রাফির বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে ৭ থেকে ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওই অভিযানে নেতৃত্ব দেওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম (পিপিএম)।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর